জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এর ফলে সম্প্রতি জামিন পেলেও তার কারামুক্তি আপাতত স্থগিত হয়ে গেলো।
রবিবার (১৪ জুন) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং কারাগারে পাঠান।
প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান ড. আবুল বারকাত। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়। তবে ওইদিনই ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছিলেন।
রবিবার শুনানির সময় আবুল বারকাতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী শাহীনুর ইসলাম গ্রেফতার না দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
আবুল বারকাতের আরেক আইনজীবী বাবুল মিয়া বলেন,"কারামুক্ত হতে আবুল বারকাতকে এ মামলায় জামিন পেতে হবে। আমরা তার জামিন আবেদন করেছি। আগামিকাল সোমবার জামিন শুনানি হবে।"
আবুল বারকাতের আরেক আইনজীবী বাবুল মিয়া বলেন, “কারামুক্ত হতে হলে তাকে এ মামলায় জামিন পেতে হবে। আমরা জামিন আবেদন করেছি। সোমবার (১৫ জুন) এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।”
গ্রেফতার দেখানোর ডিবির আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলহাজ আব্দুর রউফ, ড. আবুল বারকাতসহ অন্যান্য আসামি পরস্পরের যোগসাজশে উসকানিমূলক বক্তব্য, নির্দেশনা, অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের মাধ্যমে আন্দোলন প্রতিহত করার পরিকল্পনা করেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বহু মানুষ হতাহত হন। ওই ঘটনায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে আবেদনে বলা হয়, ঘটনার দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ সমর্থকদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছিলেন ড. আবুল বারকাত।
মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।









