রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় বাদীপক্ষের সঙ্গে আপসের ভিত্তিতে আলোচিত সন্ত্রাসী রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আপাতত কারামুক্ত হতে পারছেন না তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার ১৯তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাদী ও আসামির মধ্যে আপস হওয়ায় আদালত জামিন আবেদন মঞ্জুর করেছেন। তবে অন্য মামলায় গ্রেফতার থাকায় পিচ্চি রাজা কারাগার থেকেই মুক্তি পাচ্ছেন না।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় নবী আলমের স্ত্রী মিষ্টি বেগমকে আসামিরা কটূক্তি করেন। বিষয়টি জানার পর রাত সাড়ে ১০টার দিকে নবী আলম ও তার স্বজনরা একটি দোকানের সামনে গিয়ে এর কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে প্রধান আসামি পিচ্চি রাজা ধারালো সামুরাই দিয়ে নবী আলমের মাথায় কোপ দেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলায় টিপু নামে আরেকজনের কপাল এবং সজিব নামে এক প্রতিবেশীর চোখের ভ্রুর ওপর ধারালো অস্ত্রের আঘাত লাগে। আহতদের উদ্ধার করতে গেলে ফেকু নামে আরও একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মোহাম্মদ সেন্টু বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা করেন।
গত ২০ মে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও বিস্ফোরক আইনে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আত্মগোপনে ছিলেন।
পরে নেপাল থেকে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।