জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২

জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেছিলেন মো. জাফর আহমেদ। তবে তদন্তে উঠে এসেছে, আন্দোলনে আহত হওয়ার অভিযোগটি সঠিক নয়। তদন্ত কর্মকর্তার দাবি, ২০২৪ সালের ২৮ জুলাই রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণির র‍্যাংগস মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন জাফর। পরে মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নিয়ে বিরোধের জেরে কয়েকজনকে ফাঁসাতে তিনি এ মামলা করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

মামলায় অভিযোগের সত্যতা না পাওয়ায় ১৩ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করে গত ৩০ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান।

তদন্ত কর্মকর্তা বলেন, ‘এটি আসলে জুলাই আন্দোলনে আহত হওয়ার মামলা ছিল না। বাদী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তদন্তে যা পেয়েছি, তা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছি। আসামিদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’

অব্যাহতির সুপারিশ করা আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী ভুট্টো, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ শাহীন, আব্দুর রহমান, মাইনুদ্দিন, সিরাজুল ইসলাম, হাবিব, দেলোয়ার হোসেন, শাহাদাত মোল্লা, আবদুর রহিম, ইয়াদ মাহমুদ খান শেলী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আসিফ এবং তার সহযোগী ছাত্রলীগ নেতা রায়হানুর রহমান মিল্টন।

গত ২৪ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে সে দিন প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক আগামী ২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

বাদীর দাবি, তদন্ত কর্মকর্তাকে দিয়েছেন চিকিৎসার কাগজপত্র

তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জাফর আহমেদ নিজের অভিযোগের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যে আহত হয়েছি, তদন্ত কর্মকর্তাকে সব রিপোর্ট (মেডিক্যাল রিপোর্ট) দিয়েছি।’

আসামিদের বিষয়ে জাফর বলেন, ঘটনার সময় তাদের মধ্যে দুই-তিনজন শুক্রাবাদে এবং দুই-তিনজন মোহাম্মদপুরে ছিলেন। অন্যরা এলাকা থেকে ঢাকায় যাওয়া-আসা করতেন। তাদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি।

জাফরের দাবি, গত বছরের ডিসেম্বরেও জুলফিকার আলী ভুট্টোসহ কয়েকজন তার ওপর হামলা করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

অন্যদিকে, মামলার আসামি হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, জাফর আহমেদের বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় তারা শিক্ষক হিসেবে চাকরি করেন। মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নিয়ে বিরোধের জের ধরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

হেলাল উদ্দিন বলেন, ‘যেদিন আমাদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে, সেদিন আমরা মাদ্রাসায় ছিলাম। জাফর দুর্ঘটনায় আহত হওয়ার পর দুইবার হুইলচেয়ারে করে মাদ্রাসায় এসেছেন। আমরা তাকে হুইলচেয়ারসহ মাদ্রাসার দোতলায় উঠিয়েছি। এর রেকর্ডও আছে। অথচ আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। এ কারণে শিবচর থানায় দৌড়াতে হয়েছে, টাকা খরচ করতে হয়েছে।’

মাদ্রাসার পরিচালনা নিয়ে বিরোধের সূত্রপাত

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, জাফর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর গ্রামের মৃত আব্দুছ ছামাদের ছেলে। তার বাবা ১৯৭০ সালে সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালের ৩ আগস্ট আব্দুছ ছামাদের মৃত্যুর পর তার স্ত্রী আমিরুন নেছা বড় ছেলে শামসুল হককে মাদ্রাসার মোতাওয়াল্লী হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে জাফর আহমেদকে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে মাদ্রাসার পরিচালনায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেন জাফর। একপর্যায়ে শামসুল হককে দায়িত্ব থেকে সরিয়ে নিজেকে মোতাওয়াল্লী ঘোষণা করেন তিনি। এতে মাদ্রাসার আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সংকট তৈরি হয় এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে পরিবারের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আমিরুন নেছা পুনরায় শামসুল হককে মোতাওয়াল্লী নিয়োগ দেন। এরপর থেকেই মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে জাফরের বিরোধ তৈরি হয় বলে তদন্তে উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বিরোধের জেরে জাফর আহমেদ মাদ্রাসার কয়েকজন শিক্ষককে আসামি করে আদালতে অপরাধমূলক ষড়যন্ত্র ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে আরেকটি মামলা করেছিলেন। তবে আদালত মামলাটি খারিজ করে দেন।

মোটরসাইকেল দুর্ঘটনার তথ্য যেভাবে পেলো পুলিশ

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, জাফর আহমেদ ও মামলার আরেক ব্যক্তি সোয়াইব হাসান মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে শিশুদের কোরআন শিক্ষা দিতেন।

তদন্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৮ জুলাই ভোর ৫টা ৪৮ মিনিটে মোহাম্মদপুরের বাসা থেকে বাজাজ পালসার মোটরসাইকেল নিয়ে বের হন জাফর। সকাল ৭টা ১০ মিনিটের দিকে তেজগাঁওয়ের বিজয় সরণির র‍্যাংগস মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি।

এরপর সকাল ৭টা ৩৬ মিনিটের দিকে মামলার সাক্ষী আবদুর রহমান খানকে ফোন করে দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে বাসায় নিয়ে যেতে বলেন জাফর। আবদুর রহমান খান মোটরসাইকেলটি উদ্ধার করে সেদিন সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে তাঁর বাসায় পৌঁছে দেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার দিন রাত ১১টা ৪১ মিনিটে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক (প্রা.) লিমিটেডে চিকিৎসা নেন জাফর। পরে ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত লালমাটিয়ার সিটি হাসপাতাল লিমিটেডে ভর্তি ছিলেন তিনি।

চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা এবং অন্যান্য তথ্য যাচাই করে তদন্ত কর্মকর্তা সিদ্ধান্তে পৌঁছান, জাফর আন্দোলনে আহত হননি; বরং সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। মাদ্রাসার পরিচালনা নিয়ে বিরোধের জেরে আসামিদের ফাঁসানোর উদ্দেশ্যে তিনি ঘটনাটিকে আন্দোলনকেন্দ্রিক হামলা হিসেবে উপস্থাপন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলায় কী অভিযোগ করেছিলেন জাফর

মামলার অভিযোগে জাফর আহমেদ দাবি করেন, ২০২৪ সালের ২৮ জুলাই সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ সময় পুলিশের গাড়ির ধাক্কায় তিনি পড়ে যান। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা০কে মারধর করলে তিনি জ্ঞান হারান। এরপর হাসপাতালে তার জ্ঞান ফেরে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

জাফরের দাবি ছিল, ওই ঘটনায় তার বাম পা গুরুতর আহত হয় এবং ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আহত শহীদদের গেজেট অনলাইনে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেও জাফর আহমেদের নাম পাওয়া যায়নি।

সব মিলিয়ে, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তথ্য, চিকিৎসার নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে মামলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

/এআই/আইএএম/
সম্পর্কিত
৩১ দিনেই তদন্ত শেষ, অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে দুইজন কিশোর
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগারওয়ালা ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
পর্যটনদের নিরাপত্তা কোথায়? কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান