রাজধানীর হাতিরঝিলের বড় মগবাজার এলাকায় একটি বাসায় খুন হয়েছেন মো. রাজু (৪৮) নামের এক সবজি বিক্রেতা। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার শিকার হন তিনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী এক দম্পতিকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সাথী আক্তার ও তার স্বামী বজলুর রহমান।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোন্তাছির বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে বুধবার রাতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি সাথী আক্তার ও তার স্বামী বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে বড় মগবাজারে বজলুর রহমানের বাসায় তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে তারাই তাকে স্থানীয় হাসপাতালে হয় ওইদিন রাত ১০টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নিহতের বোন শাহানা বেগম ঢামেক মর্গ থেকে তার ভাইয়ের মরদেহ বুঝে নিয়ে গ্রামের বাড়ি যান। এর আগে মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মর্গের সামনে শাহানা বলেন, রাজু মিয়া আগে মগবাজার এলাকায় বজলুর সাথে কাঁচা মাল বিক্রি করতেন। ব্যাবসা সংক্রান্ত বজলুর কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন। ওই টাকা অভিযুক্তরা দিচ্ছিলেন না। ওই পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে তাদের বাসায় রাজুকে হত্যা করেছেন।
বরিশালের কাঁঠালিয়া উপজেলার লোকমান হাওলাদারের ছেলে রাজু। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। তার স্ত্রী ৭ থেকে ৮ বছর আগে মারা গেছেন।