রোগী নিয়ে এসেছিলেন ঢাকায়, তার মৃত্যুর খবরে হাসপাতালে ফেরার পথে হলেন লাশ

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোলেমান দেয়ান (৪৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর শনির আখড়া ওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সোলেমান মুন্সীগঞ্জ সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ দেওয়ানের ছেলে। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

মৃতের শ্যালক লিটন বেপারী জানান, তার দুলাভাই সোলেমান রোগী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকা আসেন। ঢাকার একটি হাসপাতালে রোগীকে ভার্তি করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। শনির আখড়া পৌঁছালে খবর পান রোগী মারা গেছেন। পরে আবার হাসপাতালে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।