ঢামেকের জরুরি বিভাগে কিশোরীর মরদেহ ফেলে পালালো দুই ব্যক্তি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (আনুমানিক ১৫ বছর) মরদেহ রেখে পালিয়ে গেছে দুই ব‌্যক্তি। বুধবার (১২ আগস্ট) ঘটনা ঘটে।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে দুই ব্যক্তি ওই কিশোরীকে অটোরিকশায় করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনে। একটি ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে যায়। মৃত্যু হয়েছে বুঝতে পরে একজন টিকিট আনার কথা বলে, অপরজন গাড়ি ভাড়া দেওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। পরে হাসপাতালের স্টাফরা ওই কিশোরীকে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে গেলে, সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, ভুক্তভোগীর শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই ব‌্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।