সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, গত ৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদরের বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে জুমার নামাজ আদায় করেন কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
পোস্টে আরও বলা হয়, মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।
পুলিশের দাবি, ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়ে বাংলাদেশ পুলিশ বলেছে, এ ধরনের প্রচারণা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।