পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কনস্টেবল থেকে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
বুধবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ তথ্য জানান।
সভায় অ্যাসোসিয়েশনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণমূলক ও গণমুখী পুলিশিং সেবা প্রদান, বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বাড়ানোর মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া কনস্টেবল থেকে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত সব পর্যায়ের সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের নিয়ে মিথ্যা, মনগড়া, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও অপতথ্য ছড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানসহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা।









