মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক হাসিবুর রহমানের জামিনের বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে বুধবার (১৯ আগস্ট)।
আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ দিন রাখেন।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ বুধবার (১৯ আগস্ট) শুনানি করতে চান মর্মে আদালতকে জানান। পরে আদালত বুধবার শুনানির দিন রেখেছেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিধির মা মনি বেগম সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
হাসিবুর রহমানের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছে মঙ্গলবার। এটি আজ আবার শুনানি পেছাল।
পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।