যাত্রাবাড়ী থানা থেকে পালালো রিমান্ডে থাকা নারী আসামি

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে এক নারী আসামি পালিয়েছে। তার নাম মিতু আকতার। যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ছিল সে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই ও কনেস্টবলসহ চার জনকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কৌশলে থানা থেকে পালিয়ে যান মিতু।

পুলিশ বলছে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়। আজই শেষ দিন ছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কৌশলে গেটের তালা খুলে তিনি পালিয়ে যায়। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি থানা থেকে বের হয়ে গেছে।

তবে কীভাবে ওই আসামি থানা থেকে পালালেন এবং ওই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, মিতু নামে এক নারী আসামিকে হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগকে কাজে লাগিয়ে ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, তিন দিনের রিমান্ড শেষে আজ মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আশা করছি, শিগগির তাকে আবারও গ্রেফতার করা সম্ভব হবে।