স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের দুই কর্মকর্তার সই জাল করে চাকরির আবেদনের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে তাসলিমা পারভীন (৩৯) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানার এসআই শরিফুল ইসলাম জানান, অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা তাসলিমাকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
তিনি বলেন, ওই নারীর বিরুদ্ধে অধিদফতরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, সই জাল করার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা স্বীকার করেছেন।
এসআই শরিফুল বলেন, চাকরির জন্য একটি দরখাস্ত নিয়ে তাসলিমা অধিদফতরের প্রধান প্রকৌশলীর কাছে যান। দরখাস্তে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কয়েকজনের সুপারিশ রয়েছে বলে তিনি জানান।
বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রধান প্রকৌশলী দরখাস্তটির ছবি তুলে প্রতিমন্ত্রীকে পাঠান এবং তাতে থাকা সুপারিশটি তার কি না জানতে চান। প্রতিমন্ত্রী জানান, ওই সুপারিশ তার নয়।
পরে দরখাস্তে আরও যাদের সুপারিশ রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল, তাদের সঙ্গেও যোগাযোগ করেন প্রধান প্রকৌশলী। তাদের কাছ থেকেও সুপারিশের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।