যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীতে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার বিপরীতে হাজী সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণে মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা ওই চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আহত বিল্লালকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, দুর্বৃত্তরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন রিকশাচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার সামনে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই ঘটনায়ও একজন রিকশাচালক আহত হন।