রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী ও লালবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু (৫৮) এবং নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব (৩৩)।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি-গুলশান বিভাগের একটি দল। এ সময় নিজ বাসা থেকে আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, লালবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১২টার দিকে লালবাগ থানার নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেফতার করা হয়।
সজীব ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।