২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল আগামী ২৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন। মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে তিনি আরও দুই মাস সময় চান। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় গ্রেফতার অপর আসামি মাসুদ উদ্দিন চৌধুরী অসুস্থ থাকায় বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। মোজাফফর হোসেনও অনুপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ জুলাই মোজাফফর হোসেনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছিল।
প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সংশ্লিষ্টতার তথ্য তদন্তে উঠে এসেছে। তাদের দাবি, জুলাই আন্দোলনের সময় ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে মোজাফফরের নিয়মিত যোগাযোগ ছিল। গত ২১ জুলাই মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন।
চলতি বছরের ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসা থেকে ডিবি পুলিশ মাসুদ উদ্দিনকে গ্রেফতার করে। তিনি এক-এগারোর সময়কার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত।