চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া সেই যুবক গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত এক যুবককে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম, মো. রোকনুজ্জামান রোকন (২৬)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসন জানান, যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী রোকনুজ্জামান রোকনকে শনাক্ত করে। পরে আজ শুক্রবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।