এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার সাত মসজিদ হাউজিংয়ে একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জয়নাল আবেদিন অভিযোগ করেন, সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় ঢুকে দরজা, তালা ও জানালা ভাঙচুর করেন। পরে তারা অফিসের বিভিন্ন কক্ষ ও স্টোররুম তল্লাশি করে নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় তাদের অফিস দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। অফিসের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা বলেন, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন জমিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে জনৈক আলম ওই জমির দখলে ছিলেন। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে। পরে তারা ভেতরে ঢুকে অফিসে ভাঙচুর চালায় এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে।

এডিসি বলেন, ওই জমির মালিকানা নিয়ে উভয়পক্ষেরই নিজ নিজ কাগজপত্র রয়েছে বলে তারা দাবি করছেন।

হামলার খবর পেয়ে পুলিশের দুটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিবেশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

এর আগে, রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে ৫০ বছরের পুরোনো মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডায় প্রায় ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভবন ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে হামলা চালায়। ভোর পর্যন্ত চলে ভাঙচুর ও লুটপাট। ট্রাকে করে নিয়ে যাওয়া হয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ। পরে স্বাস্থ্যকেন্দ্রের জমি নিজেদের দাবি করে ‘সমমনা ব্যবসায়ী পরিষদ লিমিটেড’-এর ব্যানারও টাঙিয়ে যায় হামলাকারীরা।