উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার

রাজধানীর কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুল তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। 

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা বিভাগের একটি দল কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল তালুকদারকে গ্রেফতার করে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তজুমদ্দিন উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফরিদুল তালুকদার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গ্রেফতার ফরিদুল তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার হাটশশিগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি কাফরুল থানার এসপি পাড়ার একটি বাসায় বসবাস করতেন।