ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন আগামী ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূইয়া নজরুল ইসলামের জামিন বাতিল চেয়ে আবেদন করেন।

২০২২ সালে ঢাকার শাহবাগ থানায় কোম্পানিটির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলাটি করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে ১ হাজার ৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলাটিতে নজরুল ইসলামের গ্রেফতার, রিমান্ড, কারাবাস ও জামিন নিয়ে একাধিকবার আইনি প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম গ্রেফতার হন নজরুল ইসলাম। প্রায় তিন মাস কারাবাসের পর ওই বছরের ১৬ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১৭ অক্টোবর আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই বছরের ১১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। পরে ১৩ আগস্ট হাইকোর্ট তাকে স্থায়ী জামিন দেন।