রাজধানীর টিকাটুলিতে বাসের ধাক্কায় রিনা রানী দাস (৪০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। একই দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকাশ বিশ্বাস (২৪) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টিকাটুলি ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দোয়েল পরিবহনের বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
নিহত রিনা রানী দাসের ছেলে প্রণয় ঘোষ জানান, তার ছোট ভাই পৃথু রাজ ঘোষ (১২) নবাবপুর স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে দুপুরে হেঁটে বাসায় ফিরছিলেন তার মা। এ সময় টিকাটুলি ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় বন্ধন পরিবহন ও দোয়েল পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লিতে দোয়েল পরিবহনের বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিকাল ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দোয়েল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
নিহত রিনা রানী দাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বিশ্বজিৎ ঘোষের স্ত্রী। তিনি বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। দুই ছেলের জননী রিনা পরিবারের সঙ্গে রাজধানীর টিকাটুলির কে এম দাস লেনে থাকতেন।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি হওয়া আকাশ বিশ্বাস (২৪) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা গত ৬ অক্টোবর তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আকাশ বিশ্বাস যশোরের কোতোয়ালি থানার আব্দুল গফুর বিশ্বাসের ছেলে। কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪