ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত (২২) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী জসীম উদ্দীনসহ কয়েক কারারক্ষী তাকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, এর আগে ইয়াসিন আরাফাত কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। সেখান থেকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আজ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে রাতে ঢামেক হাসপাতালে আনা হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কী মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।
মৃতের গ্রামের বাড়ি গাজীপুর কোনাবাড়ি চৌরাস্তা এলাকায় তার বাবার নাম মইজুল।