২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। আসামিদের বিরুদ্ধে ওই সময় উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর এসব অভিযোগে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিরা হলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।