পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার জজ-২ আদালতের শুনানি স্থগিত

‘অনিবার্য কারণবশত’ চলতি সপ্তাহসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ-২ আদালতের শুনানি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আপিল বিভাগের চেম্বার জজ-২ আদালতের শুনানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের চেম্বার জজ-২ আদালতের বিচারপতি ফারাহ মাহবুব অনিবার্য কারণবশত চলতি সপ্তাহসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি গ্রহণ করবেন না। জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় অবগতি ও কার্যার্থে অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিচারপতি ফারাহ মাহবুব অনিবার্য কারণবশত শুধু ওই সপ্তাহে চেম্বার জজ-২ আদালতের শুনানি গ্রহণ করবেন না। ওই বিজ্ঞপ্তির এক সপ্তাহ পর রবিবার নতুন করে শুনানি স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হলো।