ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএম‌পির ডিসি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন বলেন, রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।