মহিউদ্দিন রুদ্রের গ্রেফতারের ঘটনায় একাই প্রতিবাদ জানালেন এক আইনজীবী

‘মব’ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী মহিউদ্দিন রুদ্রকে গ্রেফতারের সময় প্রকাশ্যে হেনস্তা ও অপদস্থ করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

এ ঘটনায় আইনজীবীদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রবিবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রধান ফটকে তিনি একাই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ কর্মসূচিতে ব্যারিস্টার আশরাফুল ইসলাম একটি ব্যানার প্রদর্শন করেন। এতে মহিউদ্দিন রুদ্রের গ্রেফতারের ধরন নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, বিনা মামলায় আট বছরের শিশুসন্তানসহ সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবীকে অপমান-অপদস্থ করে পুলিশের কাছে সোপর্দ করার অধিকার কে দিয়েছে?

এ সময় ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, কোনও আইনজীবী আইনের ঊর্ধ্বে নন। হত্যা, ধর্ষণ, প্রতারণা কিংবা অন্যকোনও অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে গ্রেফতারও করা যাবে। তবে সেই গ্রেফতার হতে হবে আইনসম্মত, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ পদ্ধতিতে।

তিনি বলেন, একজন নিয়মিত প্র্যাকটিসিং আইনজীবী দিনের অধিকাংশ সময় আদালত কিংবা চেম্বারে পেশাগত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রের হাতে পুলিশ, ডিবি ও সিআইডিসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। কাউকে গ্রেফতারের প্রয়োজন হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে উপযুক্ত স্থান থেকে তাকে গ্রেফতার করা সম্ভব। কিন্তু একজন আইনজীবী যখন ছোট্ট শিশুসন্তানের জন্য দুধ কিনতে বের হন, সঙ্গে থাকে আট বছর বয়সী আরেক সন্তান, তখন তাকে যেভাবে প্রকাশ্যে হেনস্তার মাধ্যমে মব করে গ্রেফতার করা হয়েছে, তা কোনও সভ্য রাষ্ট্রের আইন প্রয়োগের পদ্ধতি হতে পারে না।

গ্রেফতারের সময়কার আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, একজন আইনজীবীকে ঘিরে ধরে শরীরে হাত দেওয়া, টানাহেঁচড়া করা, মাথায় হাত বুলিয়ে প্রকাশ্যে অপমান-অপদস্থ করা এবং আনন্দ-উল্লাসের সঙ্গে নিয়ে যাওয়ার দৃশ্য তাকে গভীরভাবে আহত করেছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয়, এ সময় তার ছোট্ট সন্তানও সঙ্গে ছিল। একজন শিশুর সামনে তার বাবাকে এভাবে হেনস্তার শিকার হতে দেখা অত্যন্ত হৃদয়বিদারক।

আইনজীবীদের পেশাগত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, বিচারপ্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই পক্ষ-বিপক্ষ থাকে। আইনজীবীরা আদালতে কারও পক্ষে, কারও বিপক্ষে মামলা পরিচালনা করেন। কোনও পক্ষ মামলায় হেরে গেলে প্রতিশোধ হিসেবে আইনজীবীকে হেনস্তা করার সুযোগ তৈরি হলে বিচারব্যবস্থা ও আইনের শাসন হুমকির মুখে পড়বে।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইনে গ্রেফতার এবং হেফাজতে নেওয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আইনসম্মতভাবে গ্রেফতারের পর নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে হাজির করার বাধ্যবাধকতাও রয়েছে। তাই প্রশ্ন হচ্ছে, আইনগত প্রক্রিয়া অনুসরণের পরিবর্তে একজন আইনজীবীকে প্রকাশ্যে অপমান-অপদস্থ করার অধিকার কে দিয়েছে?

তিনি বলেন, তার প্রতিবাদ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতের পক্ষে নয়। এটি আইনজীবীদের পেশাগত মর্যাদা, নাগরিক অধিকার এবং আইনের শাসনের প্রশ্ন। আজ মহিউদ্দিন রুদ্রের সঙ্গে যা ঘটেছে, কাল অন্যকোনও আইনজীবীর সঙ্গেও তা ঘটতে পারে। তাই দল-মতনির্বিশেষে প্রত্যেক প্র্যাকটিসিং আইনজীবীর এই ঘটনার প্রতিবাদ করা উচিত।

ব্যারিস্টার আশরাফুল ইসলামের ভাষ্য, ‘আইনজীবী আইনের ঊর্ধ্বে নন, কিন্তু আইনজীবীকে অপমান করার অধিকারও কারও নেই। অপরাধের বিচার হবে আইনের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে নয়।’

তিনি আইনজীবীদের পেশাগত অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।