ধামরাইয়ে অটোরিকশাচালক হত্যা: দুই আসামির যাবজ্জীবন

ঢাকার ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমানকে হত্যা ও ডাকাতির ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো, সদর আলী সোহরাব ও আলমগীর হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. বিল্লাল হোসেন এ তথ্য জানান।

রায়ে হত্যা মামলায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ডাকাতির দায়ে প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুই ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর সকালে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কুশুরা থেকে ধানতারা বাজারগামী পাকা সড়কের পাশে একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, ওই ব্যক্তির দুই হাত পেছনে পাটের রশি দিয়ে বাঁধা ছিল। গলায় ও মুখে গামছা প্যাঁচানো ছিল। পেটের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা গামছা, একটি আংটি ও এক জোড়া স্যান্ডেল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ধামরাই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বাদী হয়ে একই দিন হত্যা মামলা করেন।

মামলাটি প্রথমে থানা-পুলিশ তদন্ত করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) তদন্তের দায়িত্ব পায়। পিবিআইয়ের উপপরিদর্শক খন্দকার মনিরুজ্জামান তদন্তভার গ্রহণ করলেও বদলিজনিত কারণে তিনি মামলার নথি হস্তান্তর করেন। পরে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর উপপরিদর্শক আনিসুর রহমান মামলাটির তদন্তভার গ্রহণ করেন।

তদন্তে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও সোর্সের মাধ্যমে সদর আলী সোহরাব ও আলমগীরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তদন্তে তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধের বিষয়টিও উঠে আসে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সদর আলী সোহরাবের স্ত্রী ও জুয়েল নামে এক ব্যক্তির মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। আলমগীরের সহায়তায় জুয়েল সদর আলী সোহরাবের স্ত্রীকে নিয়ে চলে যান। তারা প্রায় ছয় মাস একসঙ্গে থাকার পর ওই নারী আবার সদর আলী সোহরাবের কাছে ফিরে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে সদর আলী সোহরাবের সঙ্গে জুয়েল ও আলমগীরের বিরোধ তৈরি হয়।

তদন্তে আরও জানা গেছে, সদর আলী সোহরাব ও আলমগীর দুজনই সায়েদুর রহমানের স্ত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক গড়ার চেষ্টা করে। এসব বিষয় নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। এর কিছুদিন পর সায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

পিবিআইয়ের তদন্তে উঠে আসে, সায়েদুর রহমান ও সদর আলী সোহরাব মানিকগঞ্জের একই এলাকার বাসিন্দা ছিল। তারা ধামরাইয়ে পাশাপাশি বাসায় ভাড়া থাকতো এবং একই গ্যারেজে অটোরিকশা চালাতো। সায়েদুর নিখোঁজ হওয়ার পর সদর আলী সোহরাব গ্যারেজ মালিকের সঙ্গে তার খোঁজ করেছিল। তবে মরদেহ উদ্ধারের পর দাফন সম্পন্ন হলে সে হঠাৎ ধামরাই এলাকায় অটোরিকশা চালানো বন্ধ করে আত্মগোপনে চলে যান।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি স্থানীয় বাজার থেকে সদর আলী সোহরাবকে গ্রেফতার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান, হত্যাকাণ্ডের পর পুলিশের ভয়ে মোবাইল ফোন বন্ধ করে মুন্সীগঞ্জ এলাকায় আত্মগোপনে ছিল। সায়েদুর হত্যার বিষয়ে জুয়েল ও আলমগীর জানে বলেও তদন্ত কর্মকর্তাকে জানায়।

পরে সদর আলী সোহরাবকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আলমগীর ও জুয়েলের সন্ধানে অভিযান শুরু করে পিবিআই। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আলমগীরের অবস্থান শনাক্ত করে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত এবং আলামত উদ্ধারের চেষ্টা করা হয়। এ জন্য গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালানো হয়। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় সেখানে আগে থাকা অটোরিকশার গ্যারেজটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে, মরদেহ উদ্ধারের পর অজ্ঞাত হিসেবে ময়নাতদন্তের জন্য পাঠানো হলেও তদন্তের শুরুতে প্রতিবেদনটি পাওয়া যায়নি। পরে ২০২৬ সালের ৫ জানুয়ারি ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ করে পর্যালোচনা করেন তদন্ত কর্মকর্তা এবং তা মামলার নথিতে সংযুক্ত করেন।

তদন্ত শেষে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক আনিসুর রহমান সদর আলী সোহরাব ও আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।