ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৮

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সেন্ট্রি পোস্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামির রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত উচ্চ আদালতের নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেল সদৃশ বস্তুর পোড়া টিনের অংশ, লাল স্কচটেপের অংশ এবং ১৫টি লোহার তারের টুকরা জব্দ করা হয়। পরে পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১২ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের বাসা থেকে রানা আমির ওসমানকে গ্রেফতার করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, রানা আমির ওসমান ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান। এ ঘটনায় তিনি অর্থ জোগানদাতা, নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা পালন করেছেন বলে সাক্ষ্য-প্রমাণ ও তথ্য পাওয়া যাচ্ছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার, বিস্ফোরক দ্রব্যের উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের চিহ্নিত করা এবং নেপথ্যের অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া দেশের অন্য কোথাও একই ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা জানতেও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

রানা আমির ওসমান মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার স্থায়ী বাড়ি মাগুরা সদর উপজেলার ভাইনা চোপদারপাড়া এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডে বসবাস করছিলেন।

/এআই /আরকে/
সম্পর্কিত
অটোরিকশাচালক হত্যা মামলার রায় পেছালো
আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড
স্টেশন মাস্টারের কক্ষ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন ৩ রেলকর্মী
সর্বশেষ খবর
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
ফেসবুক-ইনস্টাগ্রামের ছবির গোপন কোড মুছে দেবে ব্রেভ ব্রাউজার, চালু করবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রামের ছবির গোপন কোড মুছে দেবে ব্রেভ ব্রাউজার, চালু করবেন যেভাবে
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল