রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলার বিচারকাজ দেশের বিচারিক ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের সময় বিচারিক আদালতে রায় ঘোষণা এবং ঘটনার ৬ মাসেরও কম সময়ের মধ্যে উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি হওয়াকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের এক অনন্য নজির হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভাড়া বাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ ও গলা কেটে হত্যা করেন প্রতিবেশী সোহেল রানা। অপরাধ আড়াল করতে মরদেহ খণ্ডিত করারও চেষ্টা চালানো হয়।
 
এই বর্বরোচিত ঘটনা পুরো দেশবাসীকে নাড়িয়ে দিলে ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার শোকসন্তপ্ত পরিবারের বাসায় ছুটে যান। তিনি পরিবারটিকে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার করেন। সরকারের শীর্ষ পর্যায়ের এই তৎপরতা ও প্রশাসনিক সদিচ্ছার ফলে তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া অভাবনীয় গতি পায়।

গত ১৯ মে হত্যাকাণ্ডের পর পুলিশ দ্রুত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেফতার করে। ২১ মে সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ঘটনার মাত্র ৫ দিনের মাথায় ২৪ মে পল্লবী থানা পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২ জুন এক দিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ৪ জুন যুক্তিতর্ক সমাপ্ত হয়। অবশেষে ঘটনার মাত্র ১৯ দিনের সময় ৭ জুন ট্রাইব্যুনাল সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

রামিসাসহ আলোচিত এমন সব মামলার জন্য হাইকোর্টে বিশেষ একটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গত ১০ জুন ওই বিশেষ বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত সেই বিশেষ বেঞ্চে গত ১৬ নভেম্বর মাত্র এক কার্যদিবসেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত শুনানি গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্ট প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

আলোচিত এই মামলায় দ্রুততম রায়ের মাধ্যমে সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। নিজ প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো, আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাবো।

প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির প্রতি সন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনার পরে নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের কাছে গিয়ে বলেছিলেন, রাষ্ট্রের পক্ষ থেকে ন্যায়বিচার সুনিশ্চিত করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং দ্রুততম সময়ের মধ্যে সেটি করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, যেহেতু এসব মামলার বিচার অগ্রাধিকারভিত্তিতে করা প্রয়োজন সেহেতু অ্যাটর্নি জেনারেল অফিস মনে করে সব মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে করা উচিৎ। কিন্তু নানা বাস্তবতায় সেটি সম্ভব হয়নি। কিন্তু এমন কিছু অপরাধ যার মাধ্যমে জনগণ দেখতে চায়—শুধু রায়ই নয় বরং সাজাও কার্যকর হয়েছে। সে লক্ষ্যে প্রধান বিচারপতি আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল এবং রেফারেন্স শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছিলেন যেখানে মামলাটির শুনানি শেষে রায় এসেছে।  

সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিকুস ছালেকীনের মতে, বাংলাদেশে সাধারণত একটি হত্যা বা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লেগে যায়। সেখানে মাত্র ছয় মাসের মধ্যে হাইকোর্টে শুনানি ও রায় সম্পন্ন হওয়া বিচারপ্রার্থী মানুষের আস্থা ফিরিয়ে আনবে। এটি একটি নজির স্থাপিত হলো। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তদারকি এবং রাষ্ট্রপক্ষের আন্তরিকতা প্রমাণ করেছে যে সরকার চাইলে যেকোনো বর্বর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব। দ্রুততম সময়ে এই রায় ঘোষণার ফলে নারী ও শিশু নির্যাতনকারীদের মধ্যে ভীতি সঞ্চার হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

তবে দ্রুততম সময়ের মধ্যে মামলাটির বিচার শেষ করা প্রসঙ্গে হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন, অপ্রাপ্তবয়স্ক শিশুকে নৃশংস ও অমানবিকভাবে হত্যার মতো মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে ‘জাস্টিস হারিড, জাস্টিস বারিড’—অর্থাৎ তাড়াহুড়ো করে বিচার করতে গেলে ন্যায়বিচার ব্যাহত হয়—এই নীতির কথা মনে রাখতে হবে। এ ধরনের মামলার বিচার যুক্তিসংগত সময়ের মধ্যে শেষ করতে হবে, তবে তাড়াহুড়ো করে নয়।

জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড প্রবাদ উল্লেখ করে আদালত পর্যবেক্ষণে বলেন, যদিও এ মামলায় এর ফলে ন্যায়বিচারের ব্যত্যয় ঘটেনি, কিন্তু এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আনইউজুয়াল (বিরল) । এতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—উভয়ই ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি হতে পারে বলে মন্তব্য করেন আদালত।