সাঈদ খোকনকে আনা-নেওয়ার সময় আদালত চত্বরে হট্টগোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৯:৫৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৫৮

রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে আনা-নেওয়ার সময় ঢাকার আদালত চত্বরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বহনকারী গাড়ি ও প্রিজনভ্যান ঘিরে ঝাড়ুর মিছিল ও ডিম নিক্ষেপ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া বিএনপিপন্থী আইনজীবীদেরও স্লোগান দিতে দেখা যায়। আদালতে কথা বলার অনুমতি চাইলেও তা পাননি সাঈদ খোকন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালত চত্বরে এসব ঘটনা ঘটে। পরে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। তাকে আদালতে হাজির করা হবে জানতে পেরে দুপুর থেকেই আদালতপাড়ায় জড়ো হতে থাকেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাদের হাতে ঝাড়ু দেখা যায়। তারা ‘লীগ ধর, জবাই কর’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘রশি লাগলে, রশি নিয়ে, হাসিনাকে ফাঁসি দে’—এমন স্লোগান দেন। তাদের নেতৃত্ব দেন কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী মাইক্রোবাস আদালতে প্রবেশ করে। এ সময় গাড়িটিতে ডিম নিক্ষেপ ও ঝাড়ুর মিছিল করেন নেতাকর্মীরা। দ্রুত গাড়িটি ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।

প্রায় ২৫ মিনিট পর পুলিশের একটি প্রিজনভ্যানে করে সাঈদ খোকনকে হাজতখানা থেকে ঢাকার সিজেএম আদালতের বারান্দায় আনা হয়। এ সময় প্রিজনভ্যান ঘিরেও ঝাড়ুর মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সন্ধ্যা ৬টার দিকে তাকে এজলাসে তোলা হয়। প্রায় ছয় মিনিট পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে ওঠেন। বিচারককে দেখে সাঈদ খোকন বলেন, ‘আমি কিছু বলতে চাই।’ সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ও আইনজীবীদের কাছে জানতে চান, ‘আমি কি বলবো?’ এক আইনজীবী তাকে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন।

এর মধ্যে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এজন্য চুল, দাড়ি বড় করে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দুদক, মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এ আসামি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাকে খুঁজে পায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।’

সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চায় না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।’

মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের জবাবে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।’

এ সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন। তিনি বলতে থাকেন, ‘মাই লর্ড, কথা বলতে চাই।’ তবে তাকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সাঈদ খোকনকে প্রিজনভ্যানে তোলার সময়ও বিএনপিপন্থী আইনজীবী এবং ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আদালত চত্বরে হেনস্তার শিকার হন অন্তত ৪ আইনজীবী

সাঈদ খোকনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে কয়েকজন আইনজীবীও মারধরে শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে এসময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগ নামে এক আইনজীবীসহ অন্তত চারজন মারধরের শিকার হয়েছেন।

এছাড়া সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি তুলতে ও ভিডিও করতে যান দৈনিক ‘আগামী সময়’-এর প্রতিবেদক মাসুদ রানা। তাকে ফ্যাসিস্টের সহযোগী ও আওয়ামী লীগের ‘দালালি করতে এসেছেন’ উল্লেখ করে হেনস্তা করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

রিমান্ড আবেদনে যেসব অভিযোগ

রিমান্ড আবেদনে দাবি করা হয়, আসামিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তদন্তে প্রকাশ পেয়েছে। তার হুকুম ও পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন বানচাল করতে সাধারণ ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা চালায়। সাঈদ খোকন আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন।

আবেদনে আরও বলা হয়, তার হুকুমেই ধানমন্ডিসহ আশপাশের এলাকায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালায়। এসব এলাকাকে রণক্ষেত্রে পরিণত করা হয়। সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছেন।

তার সঙ্গে এখনো আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাকর্মীদের যোগাযোগ থাকার সত্যতা পাওয়া যাচ্ছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য তিনি ব্যাপক পরিকল্পনা করছেন বলেও তথ্য পাওয়ার দাবি করা হয়েছে। তাকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী পলাতক শীর্ষ নেতাকর্মীরা এখনো আত্মগোপনে রয়েছেন।

মামলার বিবরণ

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম রয়েছে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
‘সাঈদ খোকন চুল-দাড়ি বড় করে ছদ্মবেশে চলাফেরা করতেন’, রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে 
সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন
সর্বশেষ খবর
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন, হাদি হত্যার বিচারও হবে: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন, হাদি হত্যার বিচারও হবে: আইনমন্ত্রী
খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা
খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন