সম্পত্তি ও পারিবারিক বিরোধের জেরে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক রেহানা পারভীনকে হত্যার পর মাটিচাপা দেওয়ার মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের বুধবার এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রসিকিউশন বিভাগের এএসআই রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পিবিআইকে অধিকতর প্রতিবেদন জমা দিতে আদালত নির্দেশ দিয়েছেন।
২০২৪ সালের ৬ জুন ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসেন রেহানা। তার স্বামী আওলাদ হোসাইন দেশে আসেন ২৯ জুন। ৩ জুলাই মায়ের সঙ্গে রেহানার শেষ কথা হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি।
রেহানার মা আইরিন আক্তার প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৮ সেপ্টেম্বর মেয়েকে অপহরণের অভিযোগে আওলাদ হোসাইন, তার দুই বোন পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম এবং আত্মীয় আমজাদ হোসাইনকে আসামি করে মামলা করেন। তবে মামলা দায়েরের আগেই আওলাদ অস্ট্রেলিয়ায় ফিরে যান।
১২ সেপ্টেম্বর আশুলিয়ায় পাপিয়ার বাড়ির সামনে মাটির নিচ থেকে রেহানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অপহরণের মামলাটি হত্যা ও মরদেহ গুমের মামলায় রূপান্তর করা হয়।
তদন্ত শেষে চলতি বছরের ৩১ আগস্ট পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানভীর হাসান খান।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন রেহানার স্বামী আওলাদ হোসাইন, তার দুই বোন পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম, চাচাতো ভাই কবীর হোসাইন এবং চাচা আমজাদ হোসাইন।
তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। কিন্তু কয়েকজন আসামির নাম অভিযোগপত্রে না আসায় বাদী গত ১৯ অক্টোবর নারাজি দাখিল করেন। তবে নারাজি বিষয়ে শুনানি করতে সময় চান বাদীপক্ষের আইনজীবী আনন্দ চন্দ্র বিশ্বাস।
পরে আদালত ১৮ নভেম্বর নারাজির বিষয়ে শুনানির দিন রেখেছিল। পরে আদালত পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিল।
মায়ের অভিযোগ
মামলার এজাহারে আইরিন আক্তার বলেন, প্রায় ২০ বছর আগে রেহানা ও আওলাদের বিয়ে হয়। তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা অস্ট্রেলিয়ার নাগরিক।
রেহানা বাংলাদেশে নিজের নামে কিছু সম্পত্তি কেনার পর আওলাদ এর বিরোধিতা করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে আইরিনের ভাষ্য।
তিনি বলেন, ৩ জুলাই রেহানা ফোন করে জানান, আওলাদ, আমজাদ, পাপিয়া ও মাকসুদা তাকে মারধর করেছেন। আওলাদ তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন। এরপর থেকে রেহানার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।
পরে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইরিন জানতে পারেন, রেহানা নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ায় ফেরেননি। অন্যদিকে আওলাদ অস্ট্রেলিয়ায় ফিরে যান।
রেহানার পরিবারের পক্ষ থেকে পাপিয়া ও মাকসুদার সঙ্গে যোগাযোগ করা হলে তারা রেহানার মেয়ে তাদের কাছে আছে বলে জানান। তবে রেহানার বিষয়ে তারা স্পষ্ট কোনও তথ্য দেননি।
এরপর অপহরণের মামলা করেন আইরিন। রেহানার মরদেহ উদ্ধারের পর মামলায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগ যুক্ত হয়।
মামলার আসামিদের মধ্যে পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম জামিনে রয়েছেন। আমজাদ হোসাইন ও কবীর হোসাইন কারাগারে রয়েছেন। আওলাদকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।