জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ হয়।
এদিন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। দুজনেরই পৃথক অভিযোগ তুলে ধরেন তিনি।
পালোয়ান বলেন, আওয়ামী লীগ সরকারের একজন স্বরাষ্ট্রসচিব ছিলেন জাহাংগীর আলম। তিনি দিনের বেলায় সচিবের দায়িত্ব পালন করতেন। আর রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে নীল-নকশা আঁকতেন। এছাড়া কাগুজে বলপ্রয়োগের মধ্যে সবচেয়ে বেশি ছিল কারফিউ জারি করা। কারণ এ সময়ে বহুসংখ্যক ছাত্র-জনতাকে হত্যা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তিনি জানান, জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। প্রাইমা ফেসি (আপাতগ্রাহ্য) বিবেচনায় দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান তিনি।
এরপর গ্রেফতার জাহাংগীর আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি নিজের মক্কেলের অব্যাহতির আবেদন জানিয়ে ট্রাইব্যুনালকে বলেন, সরকারের দায়িত্ব পালন করেছেন জাহাংগীর আলম। নিজের ব্যক্তিগত কোনো কারণ ছিল না। এছাড়া সব বৈঠকে তার উপস্থিতি থাকা বাধ্যতামূলক ছিল। নিরুপায় হয়ে তিনি বৈঠকে অংশ নিতেন।
পলাতক ধনঞ্জয়ের হয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। তিনি জাহাংগীর আলমের আইনজীবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ট্রাইব্যুনালকে জানান, স্বরাষ্ট্রসচিবের মতো ধনঞ্জয় কুমারও একই অপরাধ করেছেন বলে অভিযোগ এনেছে প্রসিকিউশন। কিন্তু তিনি এসবে জড়িত ছিলেন না। শুধুমাত্র সরকারি দায়িত্বটুকুই পালন করেছিলেন। অতএব তাকে অব্যাহতি দেওয়ার প্রার্থনা রইলো।
আসামিপক্ষের শুনানি শেষে পাল্টা জবাব দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, কেউ সরকারের কোনো দায়িত্বশীল পদে থাকলেও এই আইনের আওতায় অপরাধের দায়ে অভিযুক্ত করা যেতে পারে। এমনকি ওই সময় তার কর্মকাণ্ড আইনসম্মত হলেও এর পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে।
উভয়পক্ষকে শুনে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ওই দিন জানা যাবে তাদের বিচার শুরু হবে কি হবে না।
এর আগে, ২৭ আগস্ট দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিন তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটিসহ জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন।