বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কাদের মোল্লার ফাঁসি নিয়ে কোনও মন্তব্য করেননি এবং এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে থাকা এস.এম আমিনুজ্জামান ফারুক এবং অন্যান্য বনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ফৌজদারি আপিল নং- ৮/২০২৪) মামলাটির দীর্ঘ সময় ধরে শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশ নেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রশীদ হোসেনসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ সেখানে উপস্থিত ছিলেন না। মামলাটির শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘সংক্ষিপ্ত রায়ে, কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ কিংবা ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এ ধরনের কোনও মন্তব্য করেননি।
অথচ প্রধান বিচারপতির নামে এ ধরনের মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল।
এ ধরনের সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের যথাযথভাবে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।