হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে দেয়। পরে আমরা রংপুর থানা পুলিশে হস্তান্তর করি।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন। অভিযোগপত্র দাখিল হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, মোছাদ্দেক হোসেন বাবলু কার্যক্রম নিষিদ্ধ রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালে রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।