গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয় হামলার শিকার: নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি পাঠান।

গ্রামীণ ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি প্রতিবেদনে এসব হামলার বিবরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে। হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

চিঠিতে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ব্যাংকের শাখা, কার্যালয়, স্থাপনা, সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, সদস্যসেবা ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ব্যাহত করতে পারে।

এতে উল্লেখ করা হয়, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের স্থিতিশীলতা শুধু এর সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের জন্যই নয়, দেশের বৃহত্তর আর্থিক ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

ব্যাংকের হিসাব অনুযায়ী, ১০ নভেম্বর থেকে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে শাখাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারধারকদের এবং বাকি ১০ শতাংশ সরকারের।

দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা রয়েছে। এ ছাড়া ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। প্রধান কার্যালয়সহ সারা দেশে ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনার সংখ্যা ৬৭৭টি।