দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি সক্ষমতার ঘাটতি 

কঠোর নির্দেশনা, বিভিন্ন পয়েন্টে তল্লাশি, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান এমনকি গ্রেফতার করেও ঠেকানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তৎপরতা। ‘বিশেষ অবরোধ’ ও ‘লকডাউন’ এর মতো দুটি কর্মসূচিকে ঘিরে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়  বিভিন্ন স্থানে ঘটছে বিচ্ছিন্ন হামলা। এমনকি গোপালগঞ্জে দুটি থানায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে ওই দুই থানার কার্যক্রম। জনমনে প্রশ্ন ‍উঠেছে, সহিংসতা বা নাশকতা দমনে গোয়েন্দারা কি কোন আগাম তথ্য পাচ্ছেন না, নাকি তথ্য পেলেও সেটি মোকাবিলায় পুলিশ কার্যকর ভূমিকা নিচ্ছে না।

এ প্রসঙ্গে সাবেক আইজিপি বাহারুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘দেশে সংঘাত-সংঘর্ষের রাজনীতি নতুন কিছু নয়। কেউ কেউ নাশকতার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কী নাশকতা হবে, সেটি গোয়েন্দারা  সবসময় যে আগে বলে দেবেন, বিষয়টি তেমন নয়। তবে কোনো ঘটনা ঘটলে সেটির পেছনে কে দায়ী এবং সেখানে যাতে পুনরায় একই ঘটনা না ঘটে, সেই পদক্ষেপ নিতে হবে।’’ তিনি বলেন, ‘‘ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের প্রবণতা দেখা গেছে। এজন্য নাশকতার হুমকি থাকলেই ফ্লাইওভারে চেকিং জোরদার করতে হবে। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তাহলে এমনিতেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’’

ভিন্ন কথা বলেছেন, সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা। তিনি বলেন, ‘‘চলমান নাশকতা থামাতে অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। এ ছাড়া যথার্থ অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিছু কিছু ঘটনায় দেখেছি— সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতেও পারেনি পুলিশ। তবে শ্রমিক আন্দোলনের পর ডিসেম্বরকে কেন্দ্র করে আর কোনো বড় নাশকতা আওয়ামী লীগ চালাতে পারবে বলে মনে হয় না। কারণ তাদের হাতে শ্রমিক উসকে দেওয়ার মতো আর কোনো নতুন সুযোগ আসার সম্ভাবনা নেই।’’

‘অবরোধ’ ও ‘লকডাউন’ এর নামে রাজধানীতে নাশকতা

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউনে রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সরকারি স্থাপনাতেও ককটেল হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে ককটেল হামলা হয়েছে। এছাড়াও খিলক্ষেত, যাত্রাবাড়ী, খিলগাঁও, আদাবর থানার সামনে ককটেলের  বিস্ফোরণ ঘটানো হয়েছে।  এছাড়া মালিবাগে সিআইডি সদরদফতর, রাজারবাগ পুলিশের লাইনের সামনেও ককটেল হামলা হয়। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেট্রোরেলের নিচে আগাঁরগাও, মিরপুর ১১, সুপ্রিম কোর্টের সামনে, নিম্ন আদালতেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এমনকি বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে এবং বিমানবন্দরের প্রবেশমুখেও একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটে।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও  একের পর এক নাশকতা ও সহিংসতা হয়েছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে। বাদ যাচ্ছে না থানা, হাসপাতাল, ব্যাংক কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানও। দেশের অন্তত ২১ জেলায় ছড়িয়ে পড়েছে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা। এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন চারজন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতা এবং  বাসের হেল্পার একজন।

নিহতদের মধ্যে কেউ রাজনৈতিক কর্মসূচির মিছিলে হামলার শিকার হয়েছেন, কেউ সড়ক অবরোধ ঘিরে সংঘর্ষে গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন। আর পিরোজপুরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। সহিংসতার এই ধারায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। সেখানে সরকারদলীয় তিন সংসদ সদস্যের বাড়ি, দুটি থানা, হাসপাতাল, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ,৭৪ পরিবহনে অগ্নিসংযোগ

এদিকে পুলিশ সদরদফতরের তথ্য বলছে, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এসব ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক ও অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, গোয়েন্দা ব্যর্থতা, সক্ষমতা ও আস্থার ঘাটতি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে কোনো দলের নাশকতা ঠেকানো পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের কঠোরতার সঙ্গে দৃশ্যমান রাজনৈতিক ঐক্য থাকা জরুরি। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যে ঘাটতি নেই। নতুন পরিকল্পনায় নিরাপত্তাব্যবস্থা সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে; যাতে এ জাতীয় নাশকতার পুনরাবৃত্তি রোধ করা যায়।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. কুদরাত-ই খুদা বলেন, ‘‘আমি মনে করি, গোয়েন্দা তৎপরতায় ঘাটতি থাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যাচ্ছে না। আবার কোনো নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হলে, সেটিও যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ কঠোর হাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘নাশকতা ঠেকাতে শুধু পুলিশকে সামনে ঠেলে দিয়ে দোষারোপ করলে হবে না। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এখনো পুলিশের ক্ষমতা ও আস্থার জায়গায় অনেক ঘাটতি রয়েছে। এজন্য পুরো বাহিনীকে শুধু নাশকতা ঠেকাতে নামিয়ে দেওয়া হলেও সেভাবে সফলতা আসবে না। এজন্য প্রয়োজন দৃশ্যমান রাজনৈতিক ঐক্য।’’ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ঢাকার মতো ঘনবসতিপূর্ণ সিটিতে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে। এটিকে গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। আমাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য রয়েছে। সে অনুযায়ী নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কোনো অবস্থাতেই কাউকে নাশকতার সুযোগ দেওয়া হবে না।’’

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামরুম মুনিরা বলেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক এবং স্থিতিশীল রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এখানে কোনও গোয়েন্দা ব্যর্থতা নেই।  কোনো ব্যক্তি বা সংগঠন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। নাশকতাকারীদের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’’

আইজিপি মো. আলী হোসেন ফকির বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে তিনি।