রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের পার্সেল পরিবহনের তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িগুলোর গতিরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে গাড়িচালকদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ের পূর্ব পাশে বোড়ঘাট মেইন রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাজারীবাগের ওয়্যারহাউস থেকে যাত্রাবাড়ী, গাজীপুর ও কেরানীগঞ্জের উদ্দেশে এজেআর কুরিয়ার সার্ভিসের তিনটি পার্সেলবাহী গাড়ি একসঙ্গে রওনা হয়। গাড়িগুলো বোড়ঘাট এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ২০ থেকে ২৫ জন ব্যক্তি সেগুলোর পথ আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং তিনটিতে ভাঙচুর চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলার পর চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা চালকদের হুমকি দিয়ে বলে, তাদের বড় ভাইয়ের সঙ্গে কথা না বলে এবং বিষয়টি সমাধান না করে ওয়্যারহাউস থেকে কোনও গাড়ি বের করা যাবে না। না হলে ভবিষ্যতে আবারও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা।
এর আগেও রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার-সংলগ্ন এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। একই প্রতিষ্ঠানের পরিবহন কার্যক্রমে বারবার এমন হামলার ঘটনায় চালক ও সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
একের পর এক হামলার ঘটনায় কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, আমরা হামলার কথা শুনেছি, বিষয়টি নিয়ে কাজ করছি।