রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ সাবা আক্তার (২০) মারা গেছেন। এ ঘটনায় তার দেড় বছর বয়সী সন্তান আর এস রহমানও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ সাবা চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মারা গেছেন। তার দেড় বছর বয়সী সন্তানসহ চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তারা হলেন আব্দুর রহমান (২৯), তার স্ত্রী সাবা, তাদের সন্তান আর এস রহমান, সানজিদা আক্তার (২০) ও সামসুন নাহার (৫০)।