ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ

ভবিষ্যতে বিচার বিভাগের ব্যাপারে কথা বলতে অনেক সতর্ক থাকবো মর্মে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আদালত অবমাননার বিষয়ে ফুয়াদ বলেন, এক বাক্যে এ ধরনের বক্তব্য আমি দেইনি। বক্তব্যে ‘এখানে’ শব্দটি ব্যবহার করেছি। ওই ‘এখানে’ বলতে ট্রাইব্যুনালকে বুঝিয়েছে গণমাধ্যম। অথচ আমি পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছি। অর্থাৎ আমি বুঝিয়েছি, পুরো বিচারিক প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান জড়িত।

তিনি আরও বলেন, বিচার বিভাগ নিয়ে বক্তব্যের ক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। এ নিয়ে বক্তব্য দিতে গিয়ে যেন জনমনে অনাস্থা তৈরি না হয়, বা কোনো প্রতিষ্ঠানকে ঢালাওভাবে দুর্নীতিগ্রস্ত বলা না হয়, সে বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া নিয়ে জনমনে যেন বিতর্ক বা প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য আহ্বান জানিয়েছেন ট্রাইব্যুনাল। এ ব্যাপারে আমিও একমত হয়েছি। আমি বিচার বিভাগের প্রতি অত্যন্ত সম্মান জানাই। কারণ আমি নিজেও আইনজীবী। তাই ভবিষ্যতে এ ব্যাপারে কথা বলতে অনেক সতর্ক থাকবো।

বিচার বিভাগকে সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপনের বিষয়ে ট্রাইব্যুনাল আপত্তি জানিয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাক্ষাৎকার ও টিআইবির প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ ধরনের ফ্রেমিং সঠিক নয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। কোনো প্রতিষ্ঠানকে সাধারণভাবে দুর্নীতিগ্রস্ত বলে উপস্থাপন করাও প্রতিষ্ঠানটির মানহানি করার মতো বিষয় বলে তারা মনে করেন।

ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দেওয়া বক্তব্যের একটি অংশের ব্যাখ্যা দিতে আমাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছিল। গত ১ নভেম্বর চিঠি দিয়ে এ নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে ৪ নভেম্বর হাজির হতে পারিনি। পরে আইনজীবীরা সময় নেন। তবে ওই বক্তব্যের মূল বিষয় ছিল সংস্কার। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার কোন কোন ক্ষেত্রে সংস্কার থেকে পিছিয়ে আসছে, তা নিয়ে বিভিন্ন খাত ধরে সমালোচনা করেছিলাম। বিশেষ করে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা ও হাইকোর্টের বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে কথা বলেছিলাম। অথচ বক্তব্যের একটি অংশ নিয়ে গণমাধ্যমে ‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে টাকা-পয়সার লেনদেনের খবর সংবাদমাধ্যমে এসেছে। একজন প্রসিকিউটরকে এরই মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব বিষয় নিয়ে হতাশা থেকেই পুরো বিচারিক প্রক্রিয়ায় লেনদেনের কথা বলেছি। ট্রাইব্যুনালের বিচারক বা কোর্টরুমকে নির্দিষ্ট করে এমন অভিযোগ করিনি। কিন্তু গণমাধ্যম আমার বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে এমন শিরোনাম দিয়েছে, যেন পুরো কথাটি এক বাক্যে বলেছি। অথচ বক্তব্যের ধারাবাহিকতা ও প্রেক্ষাপট বিবেচনায় ‘এখানে’ বলতে পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছি। এ বিষয়টি ট্রাইব্যুনালে ব্যাখ্যা করতে হয়েছে। বিচারকরা আমার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন। একইসঙ্গে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

গণমাধ্যমের শিরোনামের ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারবেন না জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম আমার বক্তব্য কীভাবে তুলে ধরবে, কোন শিরোনাম দেবে— সেটি আমার ব্যাপার নয়। এসব নিয়েও আমি ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিয়েছি। বিচারকরা খুবই সম্মানজনক ছিলেন। ট্রাইব্যুনালের সব কথাই পরামর্শ বা উপদেশমূলক ছিল।