জিয়াউল আহসানকে ভার্চুয়ালি যুক্ত রেখে চললো সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ১৮:১১ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:১১

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এই মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি।

জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর। অন‍্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চায় প্রসিকিউশন। পরে আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য হয়।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ, দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল হক
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে যা বললেন প্রসিকিউটর তামিম
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ সিএমএইচে চিকিৎসা নিতে পারবেন কিনা, আদেশ বুধবার
সর্বশেষ খবর
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিকে বিএনপির অনুমোদন
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিকে বিএনপির অনুমোদন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন