ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান।
চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা।
এসআই শরীফুজ্জামান বলেন, ‘আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়। তবে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামীকাল মঙ্গলবার জামিন শুনানির দিন রেখেছেন।’
শুক্রবার তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। এ দুই আসামির সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই তানভীর মেহেদী।