‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৪ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

নিউ মার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

শুনানির সময় বিকাল পৌনে ৫টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুইডেন আসলামকে আদালতের এজলাসে তোলা হয়। তার পক্ষে আইনজীবী মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

শুনানিতে আইনজীবী বলেন, আসলাম দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। দুই-তিন সপ্তাহ আগে তিনি দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য আবার বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হৃদ্‌রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও রয়েছে।

আইনজীবী আরও বলেন, আসলাম ২৬-২৭ বছর কারাগারে ছিলেন। এত দিন কারাগারে থাকলে সেই সন্ত্রাসী মন-মানসিকতা আর থাকে না। তিনি অপরাধজগৎ ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করছেন।

তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল উল্লেখ করে আইনজীবী বলেন, একটি ছাড়া বাকি সব মামলায় তিনি খালাস পেয়েছেন। একটি মামলা ২৮ বছর ধরে চলছে, কিন্তু বিচার শেষ হচ্ছে না। আসলাম গ্রিন রোডে থাকেন, আর হত্যাকাণ্ডের ঘটনা নিউ মার্কেট এলাকায়। এ ঘটনায় তার জড়িত থাকার সম্ভাবনা নেই। রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানিয়ে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, দেশের দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা সুইডেন আসলামের নাম পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য পাওয়া যাবে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দুই পক্ষের বক্তব্য শোনেন তিনি।

এর আগে রবিবার গভীর রাতে বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন টিটন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে কথা বলতেন তিনি। একপর্যায়ে টিটন বড় ভাইকে বলেন, তার কারণে পরিবারের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। এখন তিনি চেষ্টা করছেন, যাতে পরিবারের আর বদনাম না হয়। ভালোভাবে কাজ করে জীবনযাপন করতে চান।

ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানান টিটন। তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ মোটামুটি কাজের মধ্যে থাকতে পারবেন।

পরে ২৬ এপ্রিল ফোন করে টিটন জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারী রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে তার ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল তিনি রিপনকে জানান, তারা তাকে ডাকছেন। উভয় পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবেন।

২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউ মার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউ মার্কেট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরাধজগতে আসলামের উত্থান

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলাম ও টিটন দুজনেরই নাম ছিল।

ডিবি কর্মকর্তাদের ভাষ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে অন্তত শতাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করেন তিনি।

১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তার নাম আলোচনায় আসে।

বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজা হয়।

১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৩ সেপ্টেম্বর কারামুক্ত হন তিনি।

এদিকে টিটন ও তার ভগ্নিপতি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন মোহাম্মদপুরের ‘সন্ত্রাসী চক্র’ হারিছ-জোসেফ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। টিটনের তৎপরতা ছিল ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায়।

এ ছাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে বর্তমানে মোহাম্মদপুর, ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও জমি দখলের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

/এআই/ইউএস/
সম্পর্কিত
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
অভিনেতা তমালসহ দুজন রিমান্ড শেষে কারাগারে
দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ ডিসেম্বর
সর্বশেষ খবর
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ড
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ড
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক