হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের বাগিচার টেক এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কাদেরের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সালাউদ্দিন বাবু ও শরিফ (২৮)। তারা দুজনই অটোরিকশাচালক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সালাউদ্দিন বাবুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত এবং পা ও বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত শরিফের ডান পায়ে ছুরিকাঘাতের জখম রয়েছে।

সালাউদ্দিন জানিয়েছেন, স্থানীয় টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৭ থেকে ৮ জন তার পথরোধ করে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে তাকে আহত করে। এ সময় তার কাছে থাকা নগদ ২৬ হাজার টাকা নিয়ে যায়। একই ব্যক্তিরা শরিফকেও আহত করে।

সালাউদ্দিন আরও জানান, ছোটবেলা থেকেই তিনি ওই এলাকায় থাকতেন। এ কারণে সেখানকার অনেককে তিনি চেনেন। তবে কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে, তা জানাতে পারেননি।

সালাউদ্দিন আগে কাতারে ছিলেন। দুই মাস আগে সেখান থেকে দেশে ফেরেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাঁকাই গ্রামের বারক শেখের ছেলে। বর্তমানে ওয়াপদা রোডের ওই রিকশার গ্যারেজে থাকতেন।

অন্যদিকে শরিফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম পুকুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় থাকেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।