তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হাইকোর্টে দায়ের করা দুটি রিট মামলার চূড়ান্ত শুনানি প্রায় ১৩ বছরেও শেষ হয়নি। রিট দুটিতে আদালত রুল জারি করলেও সেগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। ফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের স্বজনদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়টি এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর রাতে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১২ জন শ্রমিক নিহত এবং দেড় শতাধিক শ্রমিক আহত হন। দেশের পোশাকশিল্পের ইতিহাসে অন্যতম ভয়াবহ এ দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, শ্রমিকদের নিরাপত্তা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাইকোর্টে একাধিক রিট দায়ের করা হয়।
এর মধ্যে ক্ষতিপূরণ, হতাহতদের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৩ সালের ২৮ এপ্রিল তিনজন আবেদনকারী একটি রিট দায়ের করেন। ওই বছরের ১৯ মে হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় শ্রমিকদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার নির্দেশ এবং অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
এর আগে, ২০১২ সালের ২৬ নভেম্বর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পোশাক কারখানাগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাক ও নিজেরা করি যৌথভাবে একটি রিট দায়ের করে। ওই রিটেও হাইকোর্ট রুল জারি করেন।
২০১২ সালের রিটটি (রিট পিটিশন নম্বর ১৫৬৯৩/২০১২) এখনো চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, ২০১৩ সালের রিটের পরিপ্রেক্ষিতে গুরুতর আহত শ্রমিক ও শনাক্ত হওয়া নিহত শ্রমিকদের পরিবারের জন্য অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত ক্ষতিপূরণ নির্ধারণে আদালতে প্রস্তাবও দাখিল করা হয়েছিল। তবে ওই রিটের রুলেরও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
বিষয়টি নিয়ে আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্টের লিগ্যাল স্পেশালিস্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী সিফাত-ই-নূর খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে দুটি রিট দায়ের করা হয়েছিল। এরপর এ বিষয়ে আদালত রুল জারি করেছিলেন। বর্তমানে দুটো মামলাই শুনানির পর্যায়ে রয়েছে।’
মামলাগুলোর চূড়ান্ত শুনানিতে দীর্ঘসূত্রতা কেন, জানতে চাইলে সিফাত-ই-নূর খানম বলেন, ‘মামলাগুলো মেনশন করে আদালতের কার্যতালিকায় তুলতে হবে। হাইকোর্টে এসব মামলা পরিচালনা করতে বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হয়। কেননা, কিছুদিন পরপরই আদালতের বেঞ্চ পরিবর্তন করা হয়। ফলে কোনো কোর্টে মামলা ফিক্সড করার পর দেখা যায়, ওই আদালতের এখতিয়ার বা কর্মপরিধি পরিবর্তন হয়েছে। তখন আবার অন্য কোর্টে মামলা তুলতে হয়।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘খুব শিগগিরই এ বিষয়ে আলোচনায় বসবেন তাঁরা। তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজা ধসের মামলা সহ যেসব স্পর্শকাতর মামলা রয়েছে, সেগুলোর দ্রুত শুনানির চেষ্টা করবেন।’
সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাগুলো স্পর্শকাতর। এগুলো শুনানির পর্যায়ে থাকলেও চূড়ান্ত শুনানির জন্য কার্যতালিকায় তোলা এবং উপযুক্ত বেঞ্চে শুনানি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ফলে ক্ষতিপূরণসংক্রান্ত রিট দুটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কবে শুনানি শেষ হবে এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের জন্য কী ধরনের ক্ষতিপূরণ নির্ধারিত হবে, তা এখনও অনিশ্চিত। তবে প্রধান বিচারপতি চাইলে এসব মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দিতে পারেন।’