রাজধানীর উত্তরার হোটেল অ্যাম্বাসেডর থেকে পড়ে মডেল মাহমুদুল হাসান সিয়ামের (১৭) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, রিসান, মীম চৌধুরী ও আমির খান।
গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরার ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডর ভবন থেকে পড়ে মারা যান সিয়াম। এ ঘটনায় ওই দিনই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী ও আমির খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। তাদের দাবি, ছবি তুলতে গিয়ে সিয়াম পড়ে যান। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে ১০ নভেম্বর সিয়ামের বাবা সেলিম মিয়া হোটেলটির মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বির এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই তিন সহকর্মীর নামও উল্লেখ করা হয়। ৫৪ ধারায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা তিনজনকে ১২ নভেম্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
এরপর ১৪ নভেম্বর তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তিন আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন। তবে ওই দিন আমিরা খানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়।
মঙ্গলবার শুনানির সময় তিন আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ এবং বাদীপক্ষে আবজাল হোসেন মৃধা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে রিসান ও মীম চৌধুরীর পক্ষে আইনজীবী আমির উদ্দিন মাহমুদ (বায়েজিদ) এবং আমিরা খানের পক্ষে আইনজীবী ফয়সাল মাহমুদ শাওন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা ঘটনাটিকে দুর্ঘটনা দাবি করে বলেন, সেলফি তুলতে গিয়ে সিয়াম পড়ে মারা গেছেন। আসামিরা হত্যা করলে পালিয়ে যেতেন। তারা পালিয়ে না গিয়ে সিয়ামকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।
অন্যদিকে প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, আসামিরা ঘটনার সময় বিকাল সাড়ে ৪টা বলে উল্লেখ করলেও সিয়াম তার ইনস্টাগ্রামে সন্ধ্যা সাড়ে ৫টায় ছবি আপলোড করেছেন। আসামিদের বক্তব্যের সঙ্গে মামলার ঘটনার মিল নেই। এ ছাড়া হত্যাকাণ্ডের সময়ের ৩০ মিনিটের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন আসামির প্রত্যেককে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার এজাহারে সিয়ামের বাবা সেলিম মিয়া উল্লেখ করেন, সিয়াম পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন। শুটিংয়ের কাজে তিনি উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে থাকতেন। গত ৩ নভেম্বর থেকে উত্তরার ১ নম্বর সেক্টরের হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে শুটিংয়ের কাজ করছিলেন।
এজাহারে আরও বলা হয়, ৭ নভেম্বর রাতে সেলিম মিয়া খবর পান, বিকেল সাড়ে ৪টার দিকে সিয়াম কক্ষের জানালা দিয়ে পড়ে মারা গেছেন। পরে পরিবারের সদস্যরা উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সিয়ামের লাশ দেখতে পান। এরপর তারা বিমানবন্দর থানায় যান।
সেলিম মিয়ার অভিযোগ, থানায় আটক রিসান, মীম ও আমিরাকে সিয়ামের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করলে তারা এলোমেলো ও পরস্পরবিরোধী তথ্য দেন এবং বিভিন্ন তথ্য গোপন করেন। পূর্বশত্রুতার জেরে রিসান, মীম, আমিরাসহ অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছেন অথবা হত্যার পর জানালা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।