১৫টি ‘সোনার ডিমের’ কথা স্বীকার করে কারাগারে আসামিরা 

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির ‘সোনার পেস্ট’সহ গ্রেফতার তিন জনের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে গিয়েছেন। আর নোয়াখালীর সুধারাম উপজেলার জাকিরুল ইসলাম জুয়েলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করেন। এদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইয়াছিন আরাফাত সৌরভ এবং কুমিল্লার বরুড়া উপজেলার শাওন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড এবং জুয়েলকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ আসামি সৌরভ এবং শাওনের জবানবন্দি রেকর্ড করেন। পরে একই আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগেরর এসআই সাইফুল ইসলাম।

গত ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেইট এলাকা থেকে সোনার পেস্টসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দর থানার এসআই আবুল কালাম।

পরদিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট; ওজন সাত কেজি ৫০০ গ্রাম।

এপিবিএন বলছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন।