প্রবাসফেরত এক ব্যবসায়ীকে বায়তুল মোকাররমে মারধরসহ ৩০ হাজার টাকা চুরির মামলায় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।
১৮ নভেম্বর সন্ধ্যার পর রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনেরই রিমান্ড দেয়।
এ দিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার ইন্সপেক্টর হাবিবুর রহমান রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় জেলা কারাগার কেরানীগঞ্জ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফকরুল হাসানের কাছে উপস্থাপন করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ থাকায় সিআইডি অফিসে নিয়ে গিয়ে মামলার ঘটনায় বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালে আসামি রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। তখন তাকে সুচিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নেওয়া হয়।
আরও বলা হয়, ওই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানে হয়। বৃহস্পতিবার রুহুল আমিনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি শারীরিকভাবে সুস্থ হওয়ায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করে কর্তৃপক্ষ।
এদিকে মামলার ঘটনায় আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তিনি ঘটনার দিন জাতীয় মসজিদ বায়তুল মোকারমে উপস্থিত ছিলেন। তার সামনে ওই ঘটনা ঘটে।
এসআই রোকনুজ্জামান বলেন, ‘আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
শুনানিকালে এজলাসে তোলা হয় রুহুল আমিনকে।
২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
চব্বিশের ৫ অগাস্টে পটপরিবর্তনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তার অনুসারী ও বিরোধীদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে সংঘর্ষ হয়। এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি বায়তুল মোকাররমের খতিব পদ হারান।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা রুহুল আমিনের বাবা ‘ছদর ছাহেব হুজুর’ খ্যাত মাওলানা শামছুল হক ফরীদপুরী। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ এবং কওমি মাদ্রাসাগুলোর অন্যতম বোর্ড গওহরডাঙ্গার (বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা) সভাপতি ছিলেন।
পাশাপাশি তিনি কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সনদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর সদস্য ছিলেন।
২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন রুহুল আমিন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।