ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্ক্ষলা বাহিনী। ইতোমধ্যে পুলিশ সদর দফতার থেকে সারা দেশের ৬৪ জেলা, আটটি মেট্রোপলিটন পুলিশ এবং আটটি রেঞ্জে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সীমান্ত এলাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেফতার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে তারা এ তথ্য পেয়েছেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।
পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব প্রতিরোধসহ নানা নাশকতা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বাংলা ট্রিবিউনকে বলেন, ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনও পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনও রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনও অপচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিক বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকেন্দ্রিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।
সার্বিকভাবে, ডিসেম্বর মাসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি, জাতীয় দিবস ও উৎসবকে সামনে রেখে পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়াই এ নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য। যেকোনও ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশ দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় অবস্থানে থাকবে।