রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক তিনটি অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মামুন (২০), রুবেল (৩৬), আওয়াল শেখ (৩৫), মো. মনির হোসেন (২৪) ও ইয়াসিন আলী (২২)।
এসআরইউর বরাত দিয়ে ডিএমপি মিডিয়া জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মামুন ও রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় মামুনের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাতে পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে আওয়াল শেখ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
ডিএমপি আরও জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মনির হোসেন ও ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজাসহ তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।