নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ১০ মাস হতে চললেও সংসদ সদস্য (এমপি) পায়নি চট্টগ্রাম-৪ আসন। আসনটিতে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের রায়ের লিখিত অনুলিপি প্রকাশিত না হওয়ায় ঝুলে আছে নির্বাচনের ফল। ফলে মামলার পরবর্তী পদক্ষেপ এবং আসনটির নির্বাচনী ফলের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।

চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন। ২০২২ সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী, সীতাকুণ্ড উপজেলায় জনসংখ্যা চার লাখের বেশি। এ ছাড়া সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের জনসংখ্যাও ২ লাখের বেশি। ভোটার, শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যাসহ আসনটির মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ।

এ অবস্থায় জাতীয় সংসদে এলাকার উন্নয়ন, অবকাঠামোগত সংকট ও জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কবে নাগাদ তারা সংসদ সদস্য পাবেন, তা নিশ্চিত করে জানাতে পারছেন না আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। রাজনৈতিক নেতারাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮৯ হাজার ২৬৮ ভোট। তবে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে যান আনোয়ার সিদ্দিকী। ফলে নির্বাচনে বিজয়ী হলেও আদালতের আদেশে আসনটির ফল প্রকাশ করা হয়নি।

গত ৩০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা-সংক্রান্ত মামলায় রায় দেন। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ওই রায়ের পর তার নির্বাচনী ফল প্রকাশ করা যাবে না। তবে লিখিত রায়ের অনুলিপি হাতে না পাওয়ায় রায়ের বিস্তারিত ও পরবর্তী করণীয় এখনো স্পষ্ট নয়।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেন। আদেশে বলা হয়, আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ (যতটুকু তার প্রার্থিতার জন্য প্রযোজ্য) এ-সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

লিভ টু আপিল মঞ্জুর হওয়ার পর আনোয়ার সিদ্দিকী গত ৩১ মার্চ পৃথক আপিল করেন। ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত আপিলটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান।

এর আগে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন ১৮ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে। হাইকোর্ট রিট খারিজ করলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল দায়ের করেন।

অন্যদিকে, আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্যাংক এশিয়া পিএলসি একটি লিভ টু আপিল করে। যমুনা ব্যাংক পিএলসিও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে। এসব আবেদনের ধারাবাহিকতায় আপিল বিভাগে শুনানি হয়।

আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে গত ১০ জুন আপিল বিভাগ অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে মতামত দিতে জ্যেষ্ঠ দুই আইনজীবীর নাম ঘোষণা করেন। অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী শুনানিতে অংশ নেন।

এরপর গত ১৫ জুন শুনানি শেষে ৩০ জুন রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন ও যায়েদ বিন আমজাদ। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। এ ছাড়া ব্যাংক এশিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম এবং যমুনা ব্যাংকের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শুনানি করেন।

আনোয়ার সিদ্দিকীর অন্যতম আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর হয়েছে। তবে মামলার লিখিত রায়ের অনুলিপি এখনো প্রকাশিত হয়নি। অনুলিপি পাওয়া গেলে রায়ের বিস্তারিত বোঝা যাবে।

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হলে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকে নির্বাচিত ঘোষণার সুযোগ থাকবে কি না, জানতে চাইলে আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, রায়ের আলোকে বিষয়টি বোঝা যাবে। লিখিত রায় প্রকাশের সময়সীমা আপিল বিভাগের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি। তার মতে, আসনটিতে কোনো জনপ্রতিনিধি না থাকায় তারাও রায়ের অনুলিপির অপেক্ষায় রয়েছেন।

এদিকে, আসলাম চৌধুরীর পক্ষে থাকা আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরাও রায়ের অনুলিপি প্রকাশের অপেক্ষায় আছি। এরপরই পরবর্তী সিদ্ধান্ত।’