জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যার মামলায় গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
দ্বিতীয় দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে রবিবার (২৯ নভেম্বর) আসামিকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে এ আবেদনে শুনানি অনুষ্ঠিত হবে।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এর আগে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ডে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকেন।
আবেদনে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তার নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সরকারের পতনের পর আত্মগোপনে থেকেও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার এখনও যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও দাবি করেছে পুলিশ।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া তার দেওয়া সাংঘর্ষিক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আসামির পাঁচ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।
গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওইদিন সন্ধ্যায় আসামির সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত। পরে দ্বিতীয় দফায় গত ২৪ নভেম্বর আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।