ঢাকাভিত্তিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘কেয়ার অব ঢাকা’ আয়োজন করেছে দুই দিনব্যাপী প্রদর্শনীর। আজ (৬ অক্টোবর) ধানমন্ডি ২৭ নাম্বারের মাইডাস সেন্টারে ‘অটাম ক্লাউডস’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয়েছে। প্ল্যাটফর্মটির দ্বিতীয় প্রদর্শনী এটি।
প্রদর্শনীতে ৭ ক্যাটাগরিতে ৩০টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড অংশগ্রহণ করছে। ক্যাটাগরিগুলো হচ্ছে পোশাক, গয়না, কসমেটিক ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস ও ক্র্যাফট এবং হোম ডেকোর। উদ্যোক্তারা সবাই ‘আমার ঢাকা’ থিমে বিশেষভাবে কাজ করেছেন। সরলা, সুরঞ্জনা, খাদি, ঋতি, কটন রুটস, গুটিপা, কারখানা, এনস কিচেন, বেণী বুনন, দ্য হকারস, দিশাস রোড ব্লকস, রিবানা, বোকা বাক্সসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়।
কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী মানসুরা স্পৃহা জানান, প্রদর্শনীতে কেনাকাটার সুযোগ ছাড়াও থাকছে কুপনের মাধ্যমে বিভিন্ন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। শিশুদের জন্য থাকবে ছবি আঁকার সুযোগ। ৭ অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।